সিন্ডিকেটের দিন শেষ, বড়জোড়ায় তোপ দাগলেন মোদী!
বাঁকুড়ার বড়জোড়ার নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, রাজ্যে সিন্ডিকেট রাজের কারণে শিল্পের বিস্তার থমকে গেছে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে স্থানীয় আলুচাষিদের দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করেন এবং এই অচলাবস্থা কাটাতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন অনিবার্য বলে মন্তব্য করেন।
বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সময়ের মধ্যে ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে একে ‘মোদীর গ্যারান্টি’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সিন্ডিকেট ব্যবস্থার অবসান ঘটিয়ে শিল্পবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা ও অনুপ্রবেশের ইস্যু নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান শাসকদল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে সংবিধানের অবমাননা করছে এবং সব ধরনের আইন-কানুন লঙ্ঘন করছে।