নিট পরীক্ষার আগে টেলিগ্রাম নিষিদ্ধ, বড় পদক্ষেপ কেন্দ্রের!
নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের আবহে আগামী ২১ জুন অনুষ্ঠেয় ‘রি-নিট’ পরীক্ষাকে সামনে রেখে দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ সম্পূর্ণ ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের ব্ল্যাকমেইল ও আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী সোমবার পরীক্ষার দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং ৩০ জুন পর্যন্ত অ্যাপটির মেসেজ এডিট করার ফিচারটি ব্লক রাখার নির্দেশ দিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক।
গত মে মাসে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে টেলিগ্রামের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বর্তমানে প্রতারক চক্র একাধিক ভুয়ো চ্যানেল খুলে প্রশ্নপত্র দেওয়ার নাম করে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে। এ ছাড়া টেলিগ্রামের মেসেজ এডিট করার সুবিধার অপব্যবহার করে পরীক্ষা শেষে পুরনো মেসেজ পরিবর্তন করে তা ফাঁস বলে প্রচার চালানোর ফলে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করে টেলিগ্রাম কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছে এবং অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ দাবি করেছেন যে, এতে সাধারণ ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে সরকার জানিয়েছে, ভিয়েতনাম বা ইরাকের মতো দেশের আদলে পরীক্ষা চলাকালীন জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।