আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল, জেনে নিন রেজাল্ট দেখার সহজ উপায়!
পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৮ জুন বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ফলাফল। এদিন দুপুর দেড়টায় সল্টলেকের ‘রূপান্ন ভবন’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট www.jeeb.nic.in এবং www.wbjeeb.in-এ গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ব্যবহার করে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। গত ২৪ মে রাজ্যের ২৬৭টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন হয়। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচারের মতো স্নাতক কোর্সে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেধাতালিকার ভিত্তিতেই নির্ধারিত হবে শিক্ষার্থীরা রাজ্যের কোন কারিগরি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন।