বাজেট অধিবেশনের আগেই বড় ধাক্কা শোভনদেবের, ঋতব্রতই থাকছেন বিরোধী দলনেতা!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তন এল কলকাতা হাইকোর্টের নির্দেশে। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বহাল থাকছেন। বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত।
ঘটনার সূত্রপাত বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে, যেখানে দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলেও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে সওয়াল করেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেন। এরপরই শোভনদেব চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। শুনানিতে জানানো হয়, মূল প্রস্তাবে থাকা স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠার পর স্পিকার তদন্ত করে বিক্ষুব্ধ শিবিরের প্রার্থীকেই মান্যতা দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই ধার্য করা হয়েছে।