এক মঞ্চে দেব ও হিরণ, টলিউডের জট কাটাতে নয়া চমক!
বকেয়া পারিশ্রমিক, টেকনিশিয়ানদের অসহযোগিতা এবং ব্যান কালচারের মতো দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংকট থেকে টলিউডকে মুক্ত করতে ১৯ জন সদস্যের একটি বিশেষ উপদেষ্টামণ্ডলী গঠন করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। গত ৮ জুন নবান্নে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারীর মতো বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এই কমিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব) ও অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মতো তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব এবং নন্দন-এর সিইও-সহ সরকারি আধিকারিকদেরও এই কমিটিতে রাখা হয়েছে।
টালিগঞ্জের বর্তমান অচলবস্থা দূর করতে এই কমিটি কাজ করলেও, ফেডারেশন ও গিল্ডের বিদ্যমান কাঠামো এখনই ভেঙে ফেলা হচ্ছে না। সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইন মেনে বর্তমান সংগঠনগুলোর আইনি অবস্থান খতিয়ে দেখা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রারের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। শিল্পের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা, দাদাগিরি বন্ধ করা এবং বিনোদন জগতকে আরও সুসংগঠিত করাই এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য।