‘বউ ছাড়া বাঁচব না!’ স্ত্রীর মৃত্যুতে আত্মঘাতী শোকাতুর সেনা জওয়ান
উত্তরপ্রদেশের উন্নাও জেলায় পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উন্নাওয়ের বিঘাপুর থানার দাদামৌ গ্রামের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর সুবেদার শৈলেন্দ্র কুমারের স্ত্রী সাধনা পাণ্ডে মঙ্গলবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে কলকাতায় কর্মরত শৈলেন্দ্র কুমারও শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী হন। এই জোড়া মৃত্যুর ঘটনায় দুই পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে বিবাহিত এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ ও মানসিক টানাপোড়েন চলছিল। গৃহবধূর ভাই তাঁর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করেছেন। মৃত্যুর আগে শৈলেন্দ্র কুমারের একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্ত্রীকে হারানোর পর নিজের জীবনের আশা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন এবং পরিচিত একজনকে তাঁদের দুই শিশু সন্তানের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন। আট বছরের কন্যা ও পাঁচ বছরের পুত্রসন্তান মা-বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে। পুলিশ গৃহবধূর মৃত্যু ও সেনা জওয়ানের আত্মহত্যার মধ্যবর্তী যোগসূত্র গুরুত্ব সহকারে তদন্ত করছে।