চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা জালিয়াতি, আইনি জালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী!
লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী ও তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঁইয়ার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সবংয়ের বাসিন্দা বিকাশ কুমার তুঙ্গের কাছ থেকে তাঁর স্ত্রীর চাকরির জন্য ৫ লক্ষ টাকা আত্মসাতের এই অভিযোগ উঠেছে। গ্রেফতারি এড়াতে প্রাক্তন মন্ত্রী ইতিমধ্যে জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যার শুনানি আগামী ১৮ জুন ধার্য করা হয়েছে।
অভিযোগকারী বিকাশ কুমার তুঙ্গের দাবি, টাকা দেওয়ার পর তাঁর স্ত্রী চাকরিতে যোগ দিলেও গত ৬ মে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁকে বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) বা প্রতারণা এবং ৬১(২) বা অপরাধমূলক ষড়যন্ত্র ধারায় মানস ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য শেখ আবু কালাম এবং ভোলানাথ দের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তবে মানস রঞ্জন ভুঁইয়া এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।