মেসির হ্যাটট্রিকের পরই থানায় অরূপ! জেরার শেষে জানালেন সত্যের জয় হবে
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার মামলায় বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে অনভিপ্রেত আচরণ এবং মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এ দিন সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি থানায় উপস্থিত হন এবং দীর্ঘক্ষণ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
আদালতের রক্ষাকবচ থাকায় অরূপ বিশ্বাসকে আপাতত গ্রেফতার করা সম্ভব নয়। জেরা শেষে বেরিয়ে তিনি কেবল ‘সত্যের জয় হবে’ বলে মন্তব্য করেন। তবে মেসিকে জড়িয়ে ধরা এবং প্রভাব খাটিয়ে মাঠে প্রবেশের যে অভিযোগ উদ্যোক্তা ও মেসির টিমের পক্ষ থেকে তোলা হয়েছে, তা নিয়ে দায়ের করা এই হাই-প্রোফাইল মামলাটি রাজ্যের ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপের বিষয়টি সামনে নিয়ে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রাক্তন মন্ত্রী। আইনজীবীর পরামর্শে তিনি জানান, এ সংক্রান্ত যা বলার তা আদালতেই বলবেন।