অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরজুড়ে অতিভারী বর্ষণের লাল সতর্কতা!
বর্ষা রাজ্যে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে টানা ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির অপেক্ষায়, উত্তরবঙ্গে তখন দুর্যোগের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৪ থেকে ৫ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই টানা বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।