বিধানসভার সই জাল কাণ্ডে এবার সিআইডি-র নজরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

বিধানসভার সই জালিয়াতির মামলায় তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সিআইডির এক আধিকারিক ফোনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানান। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে মামলায় তিনি আইনজীবী হিসেবে সওয়াল করছেন, সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানিয়েছেন।

বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত একটি বিতর্কিত নথিতে কয়েকজন বিধায়কের সই জালিয়াতির অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। বিধানসভার সচিবের অভিযোগের ভিত্তিতে রুজু হওয়া এই মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করার সময় জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়ায় সিআইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও আইনজীবী মহলের মধ্যে আইনি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *