তৃণমূলের ৫৩৪ কোটির রহস্য, অ্যাকাউন্ট কি সত্যিই ফ্রিজ হচ্ছে?
রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৫৩৪ কোটি টাকার দলীয় তহবিল নিয়ে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। দলের রাশ এবং প্রতীকের অধিকার নিয়ে অন্তর্দ্বন্দের মধ্যেই এই বিপুল অর্থের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পরিস্থিতি সামাল দিতে দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছে অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ বা ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। অভিযোগ রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বাধীন নতুন গোষ্ঠী যাতে এই তহবিলে থাবা বসাতে না পারে, সেই লক্ষ্যেই তড়িঘড়ি এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাঙ্কিং মহলের মতে, নিয়ম অনুযায়ী একাধিক স্বাক্ষরকারী থাকা এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে যৌথ আবেদন বা আদালতের স্পষ্ট নির্দেশের প্রয়োজন হয়। অরূপ বিশ্বাসের একক চিঠির ভিত্তিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ফ্রিজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে, এই পরিস্থিতিকে হাতিয়ার করে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে থানায় এফআইআর দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিধায়কদের সই সংগ্রহের পাশাপাশি তারা আদালতেও যাওয়ার পথ খোলা রেখেছে। এফআইআর বা আদালতের নির্দেশের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে এই বিপুল অর্থের লেনদেনের বিষয়টি নির্ধারিত হবে।