সাতসকালেই ভাসছে কলকাতা, ধসে বিচ্ছিন্ন উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা!
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বর্ষণে শুক্রবার সকাল নাগাদ কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে। একইসঙ্গে পাহাড়ে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। বালাসনের জলের তোড়ে দুধিয়ার অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উত্তরবঙ্গের ১১০ নম্বর জাতীয় সড়কের কার্সিয়াংসহ একাধিক রাস্তায় ধস নামায় এবং গাছ পড়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিকল্প পথ হিসেবে সুখিয়াপোখরি রুট ব্যবহারের কথা বলা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী সময়েও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা বর্তমান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।