দার্জিলিংয়ে অতিবৃষ্টির দুর্যোগ, ভিজবে দক্ষিণবঙ্গও!
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী ২৫ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কারণে ধস নামতে শুরু করেছে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবেই মূলত উত্তরবঙ্গে এই লাগাতার বৃষ্টিপাত হচ্ছে।
দীর্ঘদিনের তীব্র গরম ও অস্বস্তির পর দক্ষিণবঙ্গেও মৌসুমি বায়ু প্রবেশ করেছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার থেকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং বাইরে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।