মোদীর সফরের আগেই বদলে গেল তারকেশ্বর মন্দিরের রং, গেরুয়া সাজে নয়া চমক!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক তারকেশ্বর মন্দিরের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর তারকেশ্বরে আসার কথা রয়েছে। তিনি মন্দিরে পুজো দিতে পারেন, এই সম্ভাবনাকে মাথায় রেখেই দীর্ঘদিনের নীল-সাদা রং মুছে ফেলে মন্দির চত্বরকে গেরুয়া ও সাদা রঙের মেলবন্ধনে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
মন্দিরের এই রং পরিবর্তনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, নীল-সাদা রং তীর্থক্ষেত্রের আধ্যাত্মিক মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সনাতনী রূপ ফিরিয়ে আনার লক্ষ্যেই গেরুয়া ও সাদা রং বেছে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মন্ত্রী ও স্থানীয় বিধায়কের পর্যবেক্ষণ অনুযায়ী, গেরুয়া কোনো রাজনৈতিক দলের প্রতীক নয়, বরং তা আধ্যাত্মিকতা ও সনাতন সংস্কৃতির পরিচয় বহন করে। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং গোটা চত্বরে সাজসাজ রব পড়ে গেছে।