রাজ্যের সব কলেজে শ্যামাপ্রসাদ বন্দনার বিশেষ নির্দেশ!
রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি কলেজে আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও অবদান সম্পর্কে পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই পক্ষকালব্যাপী সময়সীমায় কলেজগুলোতে প্রবন্ধ রচনা, প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। এতে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আয়োজিত অনুষ্ঠানের জিও-ট্যাগযুক্ত ছবি এবং নথিপত্র বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। এর আগে সরকার ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশিকা জারি করেছিল, যা বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গের ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস ছিল। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।