জমি জবরদখল নিয়ে বিপাকে ইউসুফ পাঠান, বড় পদক্ষেপ পুরসভার!
ভাদোদরার তান্ডালজা এলাকায় সরকারি জমি জবরদখলের মামলায় তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি)। শুক্রবার পুরসভার স্ট্যান্ডিং কমিটি ওই এলাকায় ইউসুফের দখলে থাকা ৯৭৮ বর্গমিটার আয়তনের জমির বাজারমূল্য প্রতি বর্গমিটারে ২ লক্ষ ১০ হাজার টাকা নির্ধারণ করেছে। ২০১২ সালে একটি প্রস্তাবের ভিত্তিতে জমিটি নিজের দখলে নিলেও, পরবর্তীতে রাজ্য সরকার প্রস্তাবটি খারিজ করে দেয়। অভিযোগ, এরপরও এক দশকের বেশি সময় ধরে তিনি বেআইনিভাবে জমিটি ব্যবহার করছেন।
পুরসভার সেক্রেটারি চিন্তন দেশাই জানিয়েছেন, নিয়ম মেনেই বিশেষ কমিটির মাধ্যমে এই জমির মূল্যায়ন করা হয়েছে এবং আগামী জুলাই মাসে পুরসভার সাধারণ সভায় তা চূড়ান্ত অনুমোদন পাবে। এদিকে, লোকসভা নির্বাচনে জয়ের পর পুরসভার তরফে ইউসুফ পাঠানকে জমি খালি করার নোটিশ দেওয়া হলে তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্য সরকারের সিদ্ধান্তই বহাল রাখে এবং ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিকালে আদালত তাঁকে দীর্ঘ সময় জমি বেআইনি দখলে রাখার জন্য আর্থিক খেসারত দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।