তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না, সাংবাদিকদের জন্য শমীকের বড় ঘোষণা!
রাজ্যের প্রথম দফার ভোটের চার দিন আগে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, রাজ্যের মানুষ বর্তমানে তৃণমূলের ঘোর বিরোধী এবং ২০২৬ সালে এই সরকারের পতন নিশ্চিত। ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনতা এখন পরিবর্তন প্রত্যাশী।
নির্বাচনী ইস্তাহারের বাইরে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন দেওয়া হবে এবং তাদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া, আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের দিন তিনি সংবাদিকদের সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আগাম আমন্ত্রণ জানিয়েছেন।
রাজ্য সরকারের আর্থিক অব্যবস্থাপনা নিয়ে সরব হয়ে শমীক ভট্টাচার্য দাবি করেন, রাজ্যের ঋণের বোঝা ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি দুর্নীতি ও অব্যবস্থাপনার জেরেই সিঙ্গুর ও নন্দীগ্রামের মতো ঘটনা বিশ্বদরবারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন। পাশাপাশি, সিপিএম ও তৃণমূলের ‘গোপন আঁতাত’ নিয়ে কটাক্ষ করে তিনি বাম ও কংগ্রেসের নিচুতলার কর্মীদের বিজেপির দিকে সমর্থন বাড়ানোর আহ্বান জানান।