চা বাগান নিয়ে শিল্পপতিদের কারসাজি, তোপ দাগলেন হিমন্ত!
কালিম্পং জেলার গরুবাথানে নির্বাচনী প্রচারসভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার দার্জিলিং পাহাড়ের চা শ্রমিকদের জমির অধিকার থেকে বঞ্চিত করে বাগানের খালি জমি বিলাসবহুল হোটেল তৈরির জন্য শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে। এর বিপরীতে তিনি দাবি করেন, আসামে বিজেপি সরকার ৩ লক্ষ চা শ্রমিককে জমির পাট্টা প্রদানের ব্যবস্থা করেছে।
পাহাড়ের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে হিমন্ত বিশ্বশর্মা জানান, আসাম সরকার বোড়ো অটোনমাস কাউন্সিলকে ৩ হাজার কোটি টাকা দিলেও পশ্চিমবঙ্গ সরকার জিটিএকে দিয়েছে মাত্র ৩০০ কোটি টাকা। মজুরির বৈষম্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দার্জিলিংয়ের শ্রমিকরা রেশন ছাড়া ২৫০ টাকা মজুরি পেলেও আসামের শ্রমিকরা রেশনসহ ২৮০ টাকা পাচ্ছেন। এছাড়া গোর্খাদের প্রতি কংগ্রেসের আমলে লাগানো ‘সন্দেহজনক ভোটার’-এর তকমা বিজেপি সরকার মুছে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে রাজ্যে পরিবর্তন এলে চা ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের আবাসন ও পাট্টা প্রদান, দার্জিলিংকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি ৩ হাজার টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।