মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীর ওপর ক্ষুব্ধ খাড়গে!
শুক্রবারে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। বিলটি পাস না হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কংগ্রেস, ডিএমকে ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলোকে দায়ী করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের এই প্রস্তাব বর্তমানে থমকে রয়েছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশ। খাড়গের অভিযোগ, ভাষণে মহিলাদের চেয়ে কংগ্রেসের প্রতি বিদ্বেষই বেশি প্রকাশ পেয়েছে এবং ৫৯ বার কংগ্রেসের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, জয়রাম রমেশ এই ভাষণকে ‘সংকটের ভাষণ’ হিসেবে অভিহিত করে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরোধীদের অভিযোগ, বিলটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আগামী দিনের ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।