রাজ্য বাজেটে ১২ শতাংশ ডিএ কি নিশ্চিত! নবান্নে তুঙ্গে জল্পনা

সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের নবনির্বাচিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রশাসনিক মহলে ১০ থেকে ১২ শতাংশ ডিএ বৃদ্ধির জোর সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। রাজ্যের বর্তমান ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বিবেচনা করে ৪২ শতাংশ বকেয়া ডিএ একসঙ্গে মেটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও, আংশিক ডিএ ঘোষণা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে তিন দফায় বকেয়া মেটানোর নির্দিষ্ট রূপরেখা বাজেটে থাকার সম্ভাবনা রয়েছে। ২০২৭ সাল থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার লক্ষ্য পূরণে এই ডিএ জট কাটানোকে সরকার অত্যন্ত জরুরি হিসেবে দেখছে।

আর্থিক সীমাবদ্ধতা ও ঋণের চাপ সামাল দিতে সরকার ৪০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গড়ার চিন্তাভাবনা করছে। রাজস্ব আয় বাড়াতে বিদ্যুৎ, খনিজ খাত ও অনাদায়ী কর আদায়ের ওপর জোর দেওয়া হচ্ছে, পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতি ও অপচয় রোধে উপভোক্তা তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আর্থিক দায় কমাতে রাজ্যের নিজস্ব প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। কেন্দ্রীয় বরাদ্দের ওপর ভর করে এবারের বাজেটের আকার ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যের আর্থিক গতি ফেরাতে আগামী পাঁচ বছরের একটি বিস্তৃত রোডম্যাপও এই বাজেটে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *