প্রথম বাজেটেই বড় চমক! সিভিক ও আশা কর্মীদের বেতন কত বাড়ল?
রাজ্যে নতুন সরকারের প্রথম বাজেট: আশাকর্মী ও পার্শ্বশিক্ষকসহ বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি
কলকাতা: প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেই পেশ করা প্রথম বাজেটে জনমুখী ও সংস্কারমুখী দিশা নিয়ে বড়সড় চমক দিল বিজেপি সরকার। মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিতে সরকারি বিভিন্ন স্তরের কর্মীদের বেতন ও সাম্মানিক বৃদ্ধির বড় সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আশাকর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ার ও অবসরপ্রাপ্ত সাংবাদিকসহ বিভিন্ন পেশার কর্মীরা সরাসরি উপকৃত হবেন।
বাজেট অনুযায়ী, আশাকর্মী ও পার্শ্বশিক্ষকদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, হোম গার্ড, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের বেতন আগামী আগস্ট মাস থেকে ২,০০০ টাকা বাড়ানো হচ্ছে। পাশাপাশি, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬,০০০ টাকা করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫,০০০ টাকার বিশেষ পেনশন চালুর ঘোষণা করা হয়েছে।