সীতাপুরে সপা কার্যালয়ে যোগী সরকারের বুলডোজার, গুঁড়িয়ে গেল ২১ বছরের পুরনো ভবন!
উত্তরপ্রদেশের সীতাপুরে সমাজবাদী পার্টির ২১ বছরের পুরনো একটি দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সকালে চারটি বুলডোজার ব্যবহার করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দলের এই কার্যালয় ভাঙার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল।
প্রশাসনের দাবি, ২০০৫ সালের ১৫ জানুয়ারি নিয়মবহির্ভূতভাবে সরকারি জমি সমাজবাদী পার্টিকে বরাদ্দ করা হয়েছিল। জমি বরাদ্দের সেই প্রক্রিয়া অবৈধ প্রমাণিত হওয়ার পর পুর পরিষদ তা বাতিল করে। গত ৮ জুন জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৫ দিনের মধ্যে দপ্তরটি খালি করার নোটিশ জারি করেন। নির্ধারিত সময়ের আগেই সমাজবাদী পার্টির জেলা সভাপতি ছত্রপাল যাদব অফিসটি খালি করে দিলে, সোমবার পুরসভার শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ভবনটি ভেঙে ফেলা হয়। সরকারি জমি দখলমুক্ত করে সেখানে সাধারণ মানুষের সুবিধার্থে একটি কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।