শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটি, ১২৫ ফুটের মূর্তি গড়ার মেগা ঘোষণা!
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে একাধিক বিশেষ ঘোষণা করা হয়েছে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এখন থেকে প্রতিবছর ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটি থাকবে। এছাড়াও তাঁর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২৫ কোটি টাকা ব্যয়ে রাজ্যের কোথাও ১২৫ ফুট উঁচু একটি মূর্তি স্থাপন করা হবে এবং তাঁর পৈতৃক ভিটে জিরাটে লাইব্রেরি, পার্ক ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালন করা হবে। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার রূপকার হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেছিলেন। দেশভাগের সময় পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে সেই সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন।