মাত্র ২০ টাকায় কচুরি, ৫০-এ বিরিয়ানি! স্টেশনের হকার রাজ সরিয়ে চমক রেলের!
শিয়ালদহ, হাওড়া ও কলকাতা স্টেশনের যাত্রীদের স্বস্তিদায়ক পরিষেবা দিতে রেল কর্তৃপক্ষ ‘ফুড অন ট্র্যাক’ নামক ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করছে। আইসক্রিম ভ্যানের আদলে তৈরি এই স্টলগুলো থেকে যাত্রীরা বাজারদরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম মূল্যে স্বাস্থ্যকর খাবার কিনতে পারবেন। প্রথম ধাপে শিয়ালদহ মেইন, হাওড়া নিউ কমপ্লেক্স ও কলকাতা স্টেশনে ১০ থেকে ১৫টি করে ভ্যান চালু করা হচ্ছে, যা সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত প্ল্যাটফর্মে সক্রিয় থাকবে। পরবর্তীতে দ্বিতীয় দফায় দমদম, সোনারপুর, বর্ধমান ও খড়গপুর স্টেশনেও এই পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল, যা ২০২৬ সালের পুজোর আগেই সম্পন্ন হবে।
রেল ভুর্তকিতে পরিচালিত এই স্টলগুলোতে খাবার পাওয়া যাবে নামমাত্র মূল্যে, যার মধ্যে রয়েছে ২০ টাকায় কচুরি-তরকারি, ৩৫ টাকায় ভাত-ডাল-আলুভাজা এবং ৫০ টাকায় চিকেন বিরিয়ানি। হকারদের উচ্ছেদ না করে বরং প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত হকারদের মাধ্যমে এই ভ্যানগুলো পরিচালনা করা হচ্ছে, যেখানে স্বচ্ছতা বজায় রাখতে এফএসএসএআই (FSSAI) লাইসেন্স ও সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, খুচরো টাকার ঝামেলা এড়াতে সম্পূর্ণ ক্যাশলেস অর্থাৎ ইউপিআই, কার্ড বা কিউআর কোড স্ক্যানে বিল মেটানোর ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ব রেলের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মে ভিড় এড়াতে এই ভ্যানগুলো সচল থাকবে এবং ট্রেন এলে জায়গা পরিবর্তন করবে।