‘বিশ্বাসঘাতক’ তকমা মাথায় নিয়ে নাতিকে কোলে কোচবিহারে জগদীশ, চূড়ান্ত উত্তেজনা!
৫০ দিন পর কোচবিহারে ফিরলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, স্টেশনে কড়া নিরাপত্তা
ভোটের ফলপ্রকাশের ঠিক পরপরই জেলা ত্যাগ করা তৃণমূলত্যাগী সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অবশেষে ৫০ দিন পর নিজের খাসতালুক কোচবিহারে ফিরেছেন। মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছান তিনি। দলত্যাগের পর তাকে ঘিরে জনরোষ তৈরি হতে পারে—এমন আশঙ্কায় মঙ্গলবার স্টেশন চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। নাতিকে কোলে নিয়ে স্টেশনে নামার পর কোনো রকম মন্তব্য না করেই তিনি গাড়িযোগে সিতাইয়ের উদ্দেশে রওনা দেন।
গত ৪ মে ভোটের ফলপ্রকাশের পর দিল্লিতে গিয়ে ‘এনসিপিআই’-তে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে দলত্যাগকারী নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ ও জনরোষের ঘটনা ঘটায় জগদীশের ফেরা নিয়েও নিরাপত্তার বিষয়ে সতর্ক ছিল প্রশাসন। তবে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নীরবতা পালন করেন।