ভবানীপুর ভোট-মামলায় হাইকোর্টের বড় নির্দেশ, সংরক্ষিত রাখতে হবে সিসিটিভি ফুটেজ ও ইভিএম!
কলকাতা হাইকোর্টের এক নির্দেশনায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী তথ্য, সিসিটিভি ফুটেজ, ভিভিপ্যাট এবং ইভিএম নষ্ট বা মোছার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি গৌরাঙ্গ কান্ত স্পষ্ট জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত কোনো তথ্য বিকৃত বা ধ্বংস করা যাবে না এবং সমস্ত প্রমাণ সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত নির্বাচনে গণনার প্রথম ১২ রাউন্ড পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন, কিন্তু ১৩ নম্বর রাউন্ড থেকে গণনার প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, গণনার সময় তাদের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এই কাজে কেন্দ্রীয় বাহিনী সহায়তা করেছিল। সিসিটিভি ফুটেজে এই সমস্ত ঘটনার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে তৃণমূল শিবির। উল্লেখ্য, ওই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হওয়ার পর গত ১৬ জুন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এই মামলাটি দায়ের করেছিলেন।