তৃণমূল ছাড়লেন কাউন্সিলর, কোচবিহারে শোরগোল!
June 23, 2026
কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছেন। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি দলত্যাগের এই সিদ্ধান্ত জানান। শাসকদলের এই নেতার দলত্যাগের ঘটনায় কোচবিহারের স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে দল ছাড়লেও আপাতত কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করছেন না ভূষণ সিং। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পুরভোটে তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন এবং পরবর্তীকালে রাজনৈতিক কারণে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ভোটারদের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে এবং ওয়ার্ডের নাগরিকদের পরিষেবা দেওয়ার স্বার্থে তিনি নির্দল কাউন্সিলর হিসেবেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।