বিধানসভার টিকিট বিক্রির অভিযোগ, আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক ও আইপ্যাক!

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী করার প্রলোভন দেখিয়ে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈন এবং এজেন্ট রিঙ্কি মল্লিকের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে প্রতারণার মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং শীঘ্রই এর শুনানি শুরু হবে। অভিযোগকারী এক তৃণমূল নেতার দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে দল রুকবানুর রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলে প্রতারণার বিষয়টি সামনে আসে।

এই ঘটনা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তৃণমূলের অন্দরে আইপ্যাকের কার্যপ্রণালী নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের মাঝেই টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার এই অভিযোগ প্রকাশ্যে এল। প্রসঙ্গত, সুমিত রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে জমি জালিয়াতি ও মাটি চুরির অভিযোগে সিআইডি লুক আউট নোটিস এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নতুন এই আইনি জটিলতা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অস্বস্তি আরও বাড়িয়ে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *