দুর্যোগের ভ্রুকুটি! উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে ঝোড়ো হাওয়া, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি!
মঙ্গলবার ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন। উপড়ে পড়া গাছ ও জমে থাকা জলে ব্যাহত হয়েছে যান চলাচল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে ধস ও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৫৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ তাপমাত্রা ৩২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় কাঁচা বাড়ি, গাছ ও ফসলের ক্ষতির সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বিধায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।