সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম! মুখ্যমন্ত্রীর কড়া হুঙ্কারে কাঁপছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট!
দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন বিল আনছে রাজ্য সরকার
পূর্বতন সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার জন্য বিধানসভার চলতি অধিবেশনেই নতুন বিল আনা হবে। নিশানা করে তিনি বলেন, বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলাম করে সেই জায়গায় ফ্লাইওভারের নিচে থাকা মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি বীরভূমের পাথর খাদানের টাকা ক্যামাক স্ট্রিটে পৌঁছানোর বিষয়েও অভিযোগ তোলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বিভিন্ন দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) ফিকি-কে ৩২৪.৭৩ কোটি টাকা দেওয়া হয়েছে, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রীর সই রয়েছে। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘মেধাশ্রী’ ও ‘জয় জোহার’-এর মতো সামাজিক প্রকল্পগুলোতে ব্যাপক আর্থিক কারচুপির অভিযোগ এনে তিনি জানান, শুধু ডোমকল ব্লকেই হাজার হাজার অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকেছে। এদিকে, এই বিল প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, যেহেতু মুখ্যমন্ত্রী কারও নাম করেননি, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকৃত অপরাধীদের শাস্তির পক্ষে সওয়াল করলেও সাধারণ কর্মীদের হয়রানির বিরোধিতার কথা উল্লেখ করেছেন।