৩ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ‘দাদু’র শাস্তির দাবিতে উত্তাল মহিষাদল!

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এই পাশবিক নির্যাতনের ঘটনাটি ঘটে। নির্যাতিতা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত বৃদ্ধকে আটক করে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বুধবার সকালে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় রাস্তা অবরুদ্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সুপার অংশুমান সাহা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের যথাযথ আইনি পদক্ষেপের আশ্বাস দিলে প্রায় ৪৫ মিনিট পর অবরোধ ওঠে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *