লন্ডনের আদালতে বড় ধাক্কা, ১০০ কোটি টাকা ফেরত দিতেই হবে নীরব মোদিকে!
লন্ডনের সার্কিট কমার্শিয়াল কোর্ট পলাতক ভারতীয় হীরা ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১২ সালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া ঋণের অর্থ সুদসহ ফেরত দিতে হবে তাঁকে। ব্যক্তিগত গ্যারান্টার হিসেবে ঋণের এই দায়ভার গ্রহণ করায়, নীরব মোদিকে মূল ঋণ ও সুদ মিলিয়ে প্রায় ১০.৭ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১০০ কোটিরও বেশি টাকা পরিশোধ করতে হবে। বিচারক সাইমন টিঙ্কলারের দেওয়া এই রায়ের ফলে লন্ডনে অবস্থানরত নীরব মোদির পক্ষে আর্থিক জরিমানার নির্দেশ এড়ানো সম্ভব নয়।
২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ড প্রকাশ্যে আসার পর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণ পরিশোধের জন্য নোটিস পাঠালে নীরব মোদি কোনো সাড়া দেননি, যার ফলে এই দীর্ঘ আইনি লড়াইয়ের সূত্রপাত ঘটে। এদিকে, লন্ডনের হাইকোর্ট কর্তৃক তাঁর প্রত্যার্পণ বাতিলের আবেদন খারিজ হওয়া এবং নতুন এই আর্থিক জরিমানার রায় নীরব মোদির আইনি রক্ষাকবচকে দুর্বল করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইনি এই একের পর এক ধাক্কায় নীরব মোদির ভারতে প্রত্যার্পণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।