তারাতলায় গুদাম ধসে মৃত ৩, বাধা পেয়ে ফিরলেন ফিরহাদ!

বুধবার দুপুরে কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ তিনতলা গুদাম ধসে পড়ার ঘটনায় রোহিত চৌধুরী ও কৃষ্ণ চৌধুরীসহ মোট ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই সেনা ও পুলিশ বাহিনীর সহায়তায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। আহতদের গ্রিন করিডর তৈরি করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুল্যান্স ও একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন শ্রমিকের চিকিৎসার বিষয়টি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার পর্যবেক্ষণ করছেন। এছাড়া পরিস্থিতির সার্বিক দিক খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পুরসভা এই গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছিল, তবে পাঁচ মাসের মাথায় এই ধসের ঘটনায় নির্মাণের গুণমান ও ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলের দিকে রওনা হলেও পুলিশি বাধার মুখে পড়ে তিনি ফিরে যান এবং পরে হাসপাতালে আহতদের দেখতে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *