ওড়িশায় তৈরি হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক থ্রি-ডি চিপ ইউনিট, সেমিকন্ডাক্টর বিপ্লবে ইতিহাস গড়ল ভারত!
ওড়িশার ভুবনেশ্বরের ইনফো ভ্যালিতে ভারতের প্রথম অত্যাধুনিক থ্রি-ডি সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। অক্ষয় তৃতীয়ায় এই প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ৫-জি এবং প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই ইউনিটটি গড়ে তোলা হচ্ছে, যা সেমিকন্ডাক্টর খাতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রকল্পে প্রথাগত সিলিকন সাবস্ট্রেটের পরিবর্তে উন্নত থ্রি-ডি গ্লাস সাবস্ট্রেট প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে ২,০০০ কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পটি পুরোপুরি কার্যকর হলে বছরে ৭০,০০০ গ্লাস প্যানেল ও ৫০ মিলিয়ন অ্যাসেম্বল ইউনিট উৎপাদন করা সম্ভব হবে। ইনটেল ও লকহিড মার্টিনের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতায় ওড়িশা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের কেন্দ্রে পরিণত হচ্ছে। বিদ্যুৎ, জল এবং দক্ষ জনশক্তির সহজলভ্যতার সুবিধা কাজে লাগিয়ে গড়ে ওঠা এই ইউনিটের মাধ্যমে সরাসরি ২,৫০০ জনের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।