সন্তানসংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করলেন শমীক, রাজ্যে কি সত্যিই আসছে অভিন্ন দেওয়ানি বিধি!
গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হতে চলেছে। আগামী সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিলটি পেশ করতে যাচ্ছে রাজ্যের সরকার। এই পদক্ষেপের লক্ষ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আইনের দৃষ্টিতে দেশের সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া এবং আইনি বৈষম্য দূর করাই এই বিধির মূল উদ্দেশ্য।
ইউসিসি নিয়ে জনমানসে থাকা বিভিন্ন বিভ্রান্তি দূর করতে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন যে, এই আইনের মাধ্যমে সন্তানসংখ্যা নির্ধারণের কোনো পরিকল্পনা নেই। এছাড়া, তফসিলি জনজাতি বা আদিবাসীদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। সংবিধানের ৩৬৬ (২৫) ও ৩৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদিবাসীদের নিজস্ব প্রথা, রীতি ও বিশেষ অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হলো ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে একটি একক আইনি কাঠামো তৈরি করা। বিজেপি নেতৃত্বের দাবি, এই আইন কার্যকর হলে ব্যক্তিগত আইনে থাকা বহুবিবাহের সুযোগ বন্ধ হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী, সব নাগরিকের জন্য আইনি সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।