আসানসোলের রাস্তায় তৃণমূল নেতা ও কয়লা মাফিয়ার কোমরে দড়ি! ধুন্ধুমার বারাবনি
আসানসোল: ভোট-পরবর্তী হিংসা ও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে পশ্চিম বর্ধমানের বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ, তাঁর ভাই বিশ্বজিৎ সিংহ এবং কয়লা মাফিয়া হিসেবে পরিচিত আকবর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় এই তিনজনকে বারাবনি থানা এলাকার বিভিন্ন রাস্তায় দড়ি বেঁধে ঘোরানো হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই তিন অভিযুক্ত লাঠি, বোমা ও গুলি ব্যবহার করে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস চালাতেন এবং বিরোধী কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতেন না। অভিযুক্তদের প্রকাশ্যে দড়ি বেঁধে ঘোরানোর সময় রাস্তার দুপাশে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় এবং এ সময় অনেকে তাদের লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও ধৃতদের এমনভাবে রাস্তায় ঘোরানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।