সিন্ডিকেট রাজের দিন শেষ, আসছে কঠোর গুন্ডা দমন বিল!
রাজ্যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি ও রাজনৈতিক সন্ত্রাস দমনে নজিরবিহীন কঠোর আইনের পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী সোমবার বিধানসভায় পেশ করা হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। সরকারের দাবি, অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অপরাধ প্রতিরোধের ওপর জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই বিলে সমাজবিরোধী কার্যকলাপের সংজ্ঞাকে বিস্তৃত করে তার মধ্যে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর, জনশৃঙ্খলা নষ্ট করা এবং বেআইনি বালি-পাথর কারবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, অভ্যাসগত অপরাধীদের ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার সংস্থান রাখা হয়েছে।
এই আইনের আওতায় প্রশাসনের হাতে বিপুল ক্ষমতা অর্পণ করা হয়েছে, যার মধ্যে চার্জশিট ছাড়াই জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে কোনো ব্যক্তিকে ১২ মাস পর্যন্ত আটক রাখার সংস্থান রয়েছে। আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী এই অপরাধগুলো ‘কগনিজেবল’ এবং ‘নন-বেলেবল’ হবে। পাশাপাশি, বিনা ওয়ারেন্টে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং কোনো ব্যক্তিকে এক বছরের জন্য নিজ এলাকা বা জেলা ছাড়া করার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। যদিও আটক ব্যক্তির বিষয়টি পর্যালোচনার জন্য হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ‘অ্যাডভাইজরি বোর্ড’ গঠনের কথা বলা হয়েছে, তবে এই আইনের অপব্যবহারের শঙ্কা এবং প্রশাসনিক ক্ষমতার আধিক্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।