কলকাতা নয়, এবার ‘বাংলার বইমেলা’ হোক! সঙ্ঘ ঘনিষ্ঠ প্রকাশকদের হুঙ্কারে তোলপাড় বইপাড়া
আগামী বছরের ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ওপর থেকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ সরিয়ে সেটিকে ‘বাংলার বইমেলা’ হিসেবে গড়ে তোলার ডাক দিয়েছে সঙ্ঘ পরিবার-ঘনিষ্ঠ সংগঠন ‘বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ’। সংগঠনটির দাবি, মেলাটিকে কোনো ব্যক্তিগত সংগঠনের গণ্ডিতে আটকে না রেখে প্রকৃত অর্থে সবার জন্য উন্মুক্ত করতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের’ পরিচালনায় নির্দিষ্ট কিছু প্রকাশনা সংস্থার একচেটিয়া আধিপত্য রয়েছে এবং এতে রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রভাব কাজ করে।
এই দাবির প্রেক্ষিতে আগামী ২৯ জুন কলকাতার মহাজাতি সদনে বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রকাশনা শিল্পের ৭০০-রও বেশি প্রতিনিধি যোগ দেবেন। উক্ত অনুষ্ঠানে ২০২৬ সালের বইমেলার ভবিষ্যৎ ও পরিচালনা নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আরএসএস-এর পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু এবং কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গিল্ডের নিয়ন্ত্রণ ভাঙার এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে বইমেলার পরিচালন ব্যবস্থায় বড় ধরনের রদবদল আসতে পারে, যা জেলার ছোট প্রকাশক ও প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।