রামমন্দিরে অনুদান চুরির মহোৎসব! গ্রেপ্তার ৮ কর্মী
অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া বিপুল অনুদান ও আর্থিক জালিয়াতির অভিযোগে আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট অনুযায়ী, মন্দিরে জমা পড়া ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ প্রণামী এবং বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে।
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক টিন্নু যাদব, অনুদান গোনার কাজে নিযুক্ত রমাশংকর মিশ্র, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, অবিনাশ শুক্লা, মণীশ যাদব, সুভাষ শ্রীবাস্তব এবং করুণেশ পাণ্ডে রয়েছেন। লবকুশের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়েছে এবং মন্দিরের দান থেকে প্রাপ্ত রুপোর একটি ভূষূণ্ডির কাকও নিখোঁজ রয়েছে। সিটের রিপোর্টে মন্দিরের নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় গাফিলতি এবং স্বচ্ছতার অভাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।