২০২৮ থেকে দিল্লিতে পেট্রোল বাইক নিষিদ্ধ! ইভি কিনলে পাচ্ছেন ৩০ হাজার টাকা ছাড়
দিল্লিকে দূষণমুক্ত করতে বড় পদক্ষেপ নিল রেখা গুপ্তর সরকার। সোমবার মন্ত্রিসভায় ‘দিল্লি ইভি পলিসি ২০২৬’ পাস হয়েছে, যার আওতায় ২০২৮ সালের এপ্রিল মাস থেকে রাজধানী দিল্লিতে নতুন কোনো পেট্রোল বা সিএনজি চালিত দু’চাকার গাড়ির রেজিস্ট্রেশন আর করা হবে না। এই সময়সীমার পর থেকে নতুন কেবল ইলেকট্রিক টু-হুইলারই রাস্তায় চলাচলের ছাড়পত্র পাবে। তবে বর্তমান পুরনো পেট্রোল বা সিএনজিচালিত বাইক ও স্কুটি ব্যবহারকারীদের ওপর এই নিয়ম প্রযোজ্য হবে না।
এই প্রকল্প বাস্তবায়নে সরকার বরাদ্দ করেছে ৭,০০০ কোটি টাকা এবং কর ছাড় ও পরিকাঠামো মিলিয়ে মোট সুবিধার পরিমাণ ১৫,০০০ কোটি টাকার বেশি। সাধারণ মানুষকে ইভি কিনতে উৎসাহিত করতে প্রথম বছরে ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে, যা পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে কমবে। এছাড়া পুরনো BS4 বা তার আগের মডেলের বাইক বাতিল করে নতুন ইভি কিনলে অতিরিক্ত ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, রাজধানীতে চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে ৩০,০০০টি নতুন চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা নিয়েছে প্রশাসন। ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হতে চলা এই নতুন নীতি দিল্লির পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।