১৫০০ কিমি দীর্ঘ মেঘের প্রাচীর! কোন কোন জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা?
উত্তর বঙ্গোপসাগর থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ১,৫০০ কিলোমিটার দীর্ঘ একটি শক্তিশালী আবহাওয়া সিস্টেমের প্রভাবে আগামী কয়েক দিন সারা দেশে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। মৌসম ভবন জানিয়েছে, হিমালয়ের পাদদেশ থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণে সরে আসা এবং বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার ফলে জলীয় বাষ্পের বিপুল আমদানিতে বর্ষা আরও সক্রিয় হবে। ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে দেশের অবশিষ্ট রাজ্যগুলিতেও বর্ষা পুরোপুরি সচল হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। অন্যদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় দমকা হাওয়া ও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবারের জন্য। কলকাতা ও সংলগ্ন এলাকায় সপ্তাহান্ত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে এবং শনি ও রবিবার শহরের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।