দিঘা-মন্দারমণিতে সমুদ্র স্নানে কঠোর নিষেধাজ্ঞা, সতর্ক থাকুন!
July 6, 2026
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তাল সমুদ্রের পরিস্থিতির কথা মাথায় রেখে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর সোমবার পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি নিয়মিত মাইকিং ও নজরদারি চালানো হচ্ছে।
অন্যদিকে, সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূলেও নদীর নিরাপত্তার জন্য স্পিডবোটের মাধ্যমে টহলদারি বৃদ্ধি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে উপকূলজুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।