চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ, যানজট এড়াতে জানুন বিকল্প পথ!
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। কলকাতা পুলিশ ও রেল বিকাশ নিগম লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুলাই শুক্রবার রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশ্ববাংলা সরণির সুকান্তনগর সংলগ্ন এলাকায় ক্রেনের সাহায্যে বিশালাকার কংক্রিটের অংশ বসানোর কাজের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময় যানজট এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, বেলিয়াঘাটা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে চিংড়িঘাটার দিকে আসা সমস্ত উত্তরমুখী গাড়িকে ফ্লাইওভারে উঠতে না দিয়ে নির্দিষ্ট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে আগে থেকেই রুট পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।