মালদায় অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, তৈরি হচ্ছে নতুন ৩টি থানা ও জোড়া ফাঁড়ি!
ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ গ্রহণ করেছে মালদা জেলা পুলিশ। সীমান্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরিষেবা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বৈষ্ণবনগর, কালিয়াচক ও হবিবপুর এলাকার তিনটি পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, সীমান্ত সুরক্ষায় আরও দুটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে সীমান্ত লাগোয়া এলাকাগুলোর দূরত্ব মূল থানা থেকে অনেক বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে পুলিশের পৌঁছাতে দীর্ঘ সময় ব্যয় হয়। এই সমস্যা সমাধানে কুম্ভীরা, গোলাপগঞ্জ ও বুলবুলচণ্ডী ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হবে। এছাড়া হবিবপুরের জাজইল ও বামনগোলার জগদ্দলায় নতুন দুটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। নতুন এই পরিকাঠামো গড়ে উঠলে অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও সুদৃঢ় হবে বলে মনে করছে জেলা পুলিশ।