বিশ্বমানের রেটিংয়ে তাক লাগানো সাফল্য, যাত্রী স্বাচ্ছন্দ্যে বাজিমাত কলকাতা বিমানবন্দরের!
যাত্রী সুরক্ষা ও উন্নত পরিষেবা প্রদানের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে কলকাতা বিমানবন্দর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক ত্রৈমাসিক সমীক্ষায় বিশ্বের চারশোর বেশি বিমানবন্দরের মধ্যে কলকাতা ৭২তম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ৩১টি মানদণ্ডের ভিত্তিতে পরিচালিত এই সমীক্ষায় পরিচ্ছন্ন শৌচাগার, পর্যাপ্ত বসার জায়গা, উড়ান সময়ানুবর্তিতা এবং কড়া নিরাপত্তাসহ ২৬টি মাপকাঠিতে বিমানবন্দরটি চমৎকার ফলাফল করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের পরিসংখ্যানে কলকাতা বিমানবন্দরের এএসকিউ (ASQ) রেটিং দাঁড়িয়েছে ৪.৯, যা বিশ্বস্তরের গড় রেটিংয়ের তুলনায় অনেকটাই বেশি। টার্মিনালের পরিচ্ছন্নতা ও সুষ্ঠু পরিচালনার জন্য গঠিত বিশেষ দলের কার্যকারিতাই এই সাফল্যে প্রতিফলিত হয়েছে। বর্তমানে যাত্রী পরিষেবার ক্ষেত্রে পুনে, চেন্নাই ও বারাণসীর মতো শীর্ষস্থানীয় বিমানবন্দরগুলোর সঙ্গে জোর টক্কর দিচ্ছে কলকাতা বিমানবন্দর।