স্বর্ণ ব্যবসায়ী খুন: পলাতক বিডিওর খোঁজে নিউটাউনের ফ্ল্যাটে সিট!
সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে ধরতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বারবার নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন এই প্রাক্তন সরকারি আধিকারিক। আদালতের কঠোর নির্দেশের প্রেক্ষিতে বুধবার রাতে সিটের সদস্যরা নিউটাউনে প্রশান্ত বর্মনের বাড়িতে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি।
হাইকোর্টের নির্দেশ অমান্য করার দায়ে রাজ্য পুলিশের ডিজিকে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ মে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে প্রশান্ত বর্মন গ্রেপ্তার হলেও দ্রুত জামিন পেয়ে যান। বর্তমানে বিধাননগর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ ও সিট সদস্যরা এই হাইপ্রোফাইল মামলার অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছেন।