কলকাতায় কি এবার পুরসভার নিজস্ব উচ্চ মাধ্যমিক স্কুল? উঠছে বড় দাবি!
কলকাতা পুরসভার পরিচালনাধীন স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চারটি থেকে পাঁচটি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার উদ্যোগ নিয়েছে পুর প্রশাসন। পুর কমিশনার স্মিতা পান্ডে এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব নবান্নে পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন। বর্তমানে এই স্কুলগুলোতে নার্সারি থেকে পঞ্চম বা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকায় পড়ুয়াদের পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, তা দূর করতেই মূলত এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক তালিকায় মার্টিনপাড়া পুর-স্কুল, সুলতান আহমেদ মেমোরিয়াল স্কুল, দাসপাড়া এবং সুন্দরীমোহন স্কুলের নাম বিবেচনা করা হচ্ছে। তবে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করতে হলে ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব এবং পর্যাপ্ত নতুন শিক্ষক নিয়োগসহ নতুন ভবন নির্মাণের প্রয়োজন রয়েছে, যার জন্য কয়েক কোটি টাকার বাজেট প্রয়োজন। পুরো প্রক্রিয়াটি কার্যকর করতে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, পুর ও নগরোন্নয়ন এবং অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুর কর্তৃপক্ষ।