গঙ্গাসাগরের উপপ্রধান নিখোঁজ, সন্ধান দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার!
সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দীর্ঘ সময় নিখোঁজ রয়েছেন। পঞ্চায়েত অফিসে অনুপস্থিত থাকার পাশাপাশি সম্প্রতি আয়োজিত গ্রাম সভার বৈঠকেও তিনি যোগ দেননি। তার এই দীর্ঘ অনুপস্থিতির কারণে পঞ্চায়েতের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার কাকদ্বীপের স্থানীয় বাজারের বিভিন্ন এলাকায় উপপ্রধানকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে পুরস্কার ঘোষণার একাধিক পোস্টার চোখে পড়ে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় এলাকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা পদ্মলোচন জানার অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন কাজে হওয়া দুর্নীতির হিসাব এড়াতেই উপপ্রধান দীর্ঘদিন গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ জানান, উপপ্রধানের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ তার জানা নেই। তবে তিনি দাবি করেছেন, উপপ্রধানের অনুপস্থিতি সত্ত্বেও পঞ্চায়েত থেকে সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।