দশ লাখ না দিলে পচা ডিমের ভয়! বিজেপি নেতার পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা
বাঁশবেড়িয়ায় তোলাবাজির অভিযোগ এবং পচা ডিম ছুড়ে মারার হুমকির মুখে পড়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরলেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। হুগলিতে দলীয় কোর কমিটির বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বের হওয়ার সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী ও বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ দেবজিৎ মুখার্জি ওরফে রানা তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে তাঁকে পচা ডিম মারা এবং কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা হতবাক হয়ে পড়েন এবং পরে তাঁরা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। বিষয়টি নিয়ে বিধায়ক স্বরাজ ঘোষ জানিয়েছেন, তৃণমূল নেতাদের কথায় সহজে বিশ্বাস করা যায় না, তবে দলের কেউ তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে তার প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক জানান, এই ঘটনাটি তাঁর নজরে এসেছে এবং ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জেলা সভাপতির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।