ঘূর্ণাবর্তের দাপটে ভাসবে দক্ষিণবঙ্গ, আপনার জেলায় কি ভারী বৃষ্টি?
টানা বর্ষণে ভিজছে বাংলা, জারি অতিভারী বৃষ্টির সতর্কতা
ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও দুই বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যা শনি ও রবিবার পর্যন্ত চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কমে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।